সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরও পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে আসছে শনিবার (৩১ অক্টোবর)। তাঁদের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে বাকি মরদেহগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় এবং দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
শনাক্ত হওয়া পাঁচজন হলেন—নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের সাগর আলী। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। নিহতদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।



