ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যকে ‘বিপজ্জনক বাগাড়ম্বর’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, ভারতের উসকানিমূলক বক্তব্য ও আধিপত্যবাদী মনোভাব দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।
শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি রয়েছে। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান তিনি।
সম্প্রতি এক আলোচনা সভায় রাজনাথ সিং বলেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত আগের চেয়েও কঠোর জবাব দেবে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের মুখপাত্র বলেন, দেশের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার সক্ষমতা পাকিস্তানের রয়েছে।
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে। হামলার জন্য পাকিস্তান-সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দায়ী করে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছিল।
পরে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবি, দেশটির অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয়। ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই থামে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত বছরের সংঘাতের সময় পাকিস্তান নিজেদের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা দেখিয়েছে। দেশটির শান্তি ও সংযমের নীতিকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো অবিবেচনাপ্রসূত আগ্রাসন মোকাবিলায় পাকিস্তান প্রস্তুত।




