যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডের আবেদনে সময়সীমা গণনার নিয়মে পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস)। গত ২৩ অক্টোবর থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, আবেদনের শেষ দিন সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে পড়লেই সব ক্ষেত্রে পরবর্তী কর্মদিবস পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়া যাবে না।
গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত নীতিগত নির্দেশনায় সাধারণ দাপ্তরিক সময়সীমা এবং অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনের শেষ তারিখের মধ্যে পার্থক্য স্পষ্ট করা হয়েছে। কিছু কাগজভিত্তিক আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ ছুটির দিনে পড়লে পরবর্তী কর্মদিবসে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকতে পারে। তবে অনলাইনে আবেদন জমার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয়। তাই সংশ্লিষ্ট ফর্মের নির্দেশনা অনুসরণ করা জরুরি।
নতুন নিয়মে বয়সভিত্তিক অভিবাসন যোগ্যতার বিষয়েও বিশেষ সতর্কতা প্রয়োজন। পরিবারভিত্তিক অভিবাসনসহ নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে সাধারণত ২১ বছর পূর্ণ হওয়ার আগেই আবেদনসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়। এ ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের শেষ তারিখ ছুটির দিনে পড়লেও স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় পাওয়া যাবে না। ফলে নির্ধারিত সময়সীমা পার হলে অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকি রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে কর্মরত এইচ-১বি ভিসাধারী ও তাদের নিয়োগকর্তাদের আই-৯৪ নথিতে উল্লেখ করা অবস্থানের অনুমোদিত মেয়াদ সম্পর্কেও সতর্ক থাকতে হবে। ওই মেয়াদ শেষ হওয়ার তারিখ ছুটির দিনে পড়লেও তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কর্মদিবস পর্যন্ত বাড়বে না। তাই নির্ধারিত সময়ের আগেই নবায়ন বা প্রয়োজনীয় আবেদন সম্পন্ন করা জরুরি।
নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে আবেদনকারীদের আবেদনের শেষ তারিখ, জমা দেওয়ার পদ্ধতি এবং যোগ্যতার শর্ত আগেভাগে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বয়সসীমা ও অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে ছুটির দিনের ওপর নির্ভর না করে সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
সূত্র: হিন্দুস্তান টাইমস