যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে আগের চেয়ে শক্তিশালী জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বির ভাষ্য, ৪০ দিনের যুদ্ধের পর ইরান সামরিক সক্ষমতা বাড়িয়েছে এবং উন্নত অস্ত্র অর্জন করেছে। বুধবার (১৪ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য যুক্তিসংগত সিদ্ধান্ত হবে না। তবে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 
তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো সাফল্য দেখানোর প্রয়োজন অনুভব করতে পারে। আইআরজিসির এই মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর নতুন করে হামলা চালানো হলে তার জবাব আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে। তাঁর দাবি, সাম্প্রতিক ৪০ দিনের সংঘাতে ইরান মূলত পুরোনো প্রজন্মের অস্ত্র ব্যবহার করেছিল। এরপর থেকে দেশটি সামরিক প্রযুক্তি ও অস্ত্রের সক্ষমতা উন্নয়নে অগ্রগতি অর্জন করেছে। বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের জনমত এবং আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, বিদেশে পরিচালিত সামরিক অভিযানের প্রকৃত পরিস্থিতি মার্কিন জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরা হয় না। মূলধারার গণমাধ্যমও অনেক ক্ষেত্রে এসব ঘটনার বাস্তবতা আড়াল করে বলে দাবি করেন তিনি। 
ইরানের নেতৃত্বের মধ্যে মতবিরোধ এবং সমন্বয়ের অভাব রয়েছে—মার্কিন কর্মকর্তাদের এমন বক্তব্যও প্রত্যাখ্যান করেন আইআরজিসির প্রতিনিধি। তাঁর মতে, এসব অভিযোগের মাধ্যমে ওয়াশিংটন নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। তবে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে দেওয়া এসব বক্তব্য আইআরজিসির নিজস্ব দাবি। সামরিক পরিস্থিতির স্বাধীন যাচাই ছাড়া এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না।