নিষেধাজ্ঞা, যুদ্ধ আর ভয়াবহ মূল্যস্ফীতির অভিঘাতে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের দর নজিরবিহীনভাবে কমে প্রতি ডলারে প্রায় ৩০ লাখে ঠেকেছে।
ইরানের অর্থনীতিতে সংকট ক্রমেই গভীর হচ্ছে। ডলারের বিপরীতে দেশটির মুদ্রার এমন পতন আগে কখনো দেখা যায়নি। মুদ্রার অবমূল্যায়নের পাশাপাশি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে।
আন্তর্জাতিক মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) ইরানের খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়াল। আগের দিন শুক্রবার এই দর ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে রিয়ালের আরও অবনতি হয়েছে।
অন্যদিকে আলানচাঁদ ডটকমের হিসাবেও প্রতি ডলারের দাম প্রায় ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে পৌঁছেছে। একদিনে মুদ্রাটির দরপতনের হার ১ দশমিক ৮৩ শতাংশ।
যুদ্ধ-নিষেধাজ্ঞায় অর্থনীতিতে ধস
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান। এর সঙ্গে গত নয় মাসের যুদ্ধ পরিস্থিতি দেশটির অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে তুলেছে। আমদানি, বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার প্রবাহে চাপ বাড়ায় অর্থনৈতিক অস্থিরতা তীব্র হয়েছে।
গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর চলতি মাসের শুরুতে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে আরেকটি উদ্যোগের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর মাধ্যমে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য পরিবহন সীমিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়েছে এবং দেশটির নেতারা আতঙ্কিত।
ওয়াশিংটনের দাবি, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দেশটির গোপন ব্যাংকিং নেটওয়ার্ক দুর্বল করা হবে।
খাদ্যপণ্যের বাজারে ভয়াবহ মূল্যবৃদ্ধি
মুদ্রার দরপতনের পাশাপাশি ইরানে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটির পরিসংখ্যান কেন্দ্রের তথ্য বলছে, গত অক্টোবরে ভোক্তা পর্যায়ে পণ্য ও সেবার দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে।
সবচেয়ে বেশি চাপে পড়েছে খাদ্য ও পানীয়ের বাজার। এ খাতে বার্ষিক মূল্যবৃদ্ধির হার ১১২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। ফলে এক বছর আগের তুলনায় একই ধরনের খাদ্যপণ্য কিনতে অনেক ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি অর্থ খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এর আগে গত আগস্টে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর ২০ লাখের সীমা ছাড়িয়েছিল। একই বছরের জুলাইয়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৬৬ শতাংশ। কিন্তু কয়েক মাসের ব্যবধানে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
সব মিলিয়ে মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন, আকাশছোঁয়া খাদ্যমূল্য এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে ইরানের অর্থনীতি এখন নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স