বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার পর নিরাপত্তার কারণে ফিরে গেছে আরও দুটি জাহাজ।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। এতে জাহাজটি অচল হয়ে পড়লে একই পথে থাকা আরও দুটি ট্যাংকার গন্তব্যে না গিয়ে ফিরে যায়।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী এ তথ্য জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, তিনটি ট্যাংকার নিজেদের শনাক্তকরণ ও দিকনির্দেশনা ব্যবস্থা বন্ধ রেখে প্রণালির পূর্ব অংশের একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। এ সময় একটি জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
তবে দুর্ঘটনায় পড়া জাহাজগুলোর নাম বা কোন দেশের মালিকানাধীন, তা প্রকাশ করেনি ইরান। আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো তথ্যও জানানো হয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় তেহরানের শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির হুঁশিয়ারি, অনুমোদিত নৌপথ অনুসরণ না করে কিংবা অনুমতি ছাড়া এই জলপথ অতিক্রমের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১২ জুলাই হরমুজ প্রণালি আবার বন্ধের ঘোষণা দেয় ইরান। এর চার দিন আগে দেশটির ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করেছিল।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবহন করা হয়। ফলে এখানে সামরিক উত্তেজনা বাড়লে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়তে পারে।