যুদ্ধে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে ইউক্রেন। এবার লেজার অস্ত্র প্রয়োগ করে রাশিয়ার একটি জেটচালিত ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটি। ইউক্রেনের রাষ্ট্রীয় সহায়তাপুষ্ট প্রতিরক্ষা সংস্থা ব্রেভ১ শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেস্করেস্তনভ একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে আকাশ থেকে আগুনের গোলার মতো একটি বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়। তার দাবি, রাশিয়ার ‘গেরান’ মডেলের জেটচালিত ড্রোনটি লেজার প্রযুক্তি ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।
ব্রেভ১ জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে শত্রুপক্ষের একটি জেটচালিত ড্রোন ধ্বংসে ইউক্রেনের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের দৃশ্য রয়েছে। সংস্থাটির অনুদান পাওয়া একটি প্রতিষ্ঠান অস্ত্রটি তৈরি করেছে। আর এটি পরিচালনা করেছে একটি বেসরকারি আকাশ প্রতিরক্ষা দল।
তবে একটি ড্রোন ধ্বংসের সাফল্যকে প্রযুক্তিটির ব্যাপক ব্যবহারের প্রস্তুতি হিসেবে দেখার বিষয়ে সতর্ক করেছে ব্রেভ১। সংস্থাটির ভাষ্য, লেজারনির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ইউক্রেনে বর্তমানে অন্তত সাতটি দল এ ধরনের অস্ত্র তৈরিতে কাজ করছে।
জেলেনস্কির উপদেষ্টা বেস্করেস্তনভ জানান, কারমাইন স্কাই নির্মিত ‘ব্লিস্ক’ নামের লেজার ব্যবস্থাটি ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে ইউক্রেন। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া জেটচালিত ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। আগের মডেলের তুলনায় এসব ড্রোন বেশি গতিতে চলতে পারে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করাও কঠিন।
ব্রেভ১-এর তথ্য অনুযায়ী, ১৯৭০-এর দশক থেকেই লেজার অস্ত্র তৈরির চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ এ প্রযুক্তি কার্যকরভাবে কাজে লাগাতে পেরেছে। বিশেষ করে আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তু লেজারের মাধ্যমে ধ্বংস করার ঘটনা এখনো খুবই বিরল। ফলে ইউক্রেনের এই সাফল্যের দাবি যুদ্ধক্ষেত্রে নতুন প্রতিরক্ষা প্রযুক্তির সম্ভাবনাকে সামনে এনেছে।