পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এই ভূকম্পনে দুই দেশের একাধিক অঞ্চলে কম্পন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর দক্ষিণ এশিয়ার এই দুই দেশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। 
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। তবে সেখানে হতাহত বা সম্পদের ক্ষতির খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। রয়টার্স জানিয়েছে, শুরুতে সংস্থাটি কম্পনের মাত্রা ৫.৮ বলে ধারণা করেছিল। পরে সেই হিসাব সংশোধন করে ৫.২ নির্ধারণ করা হয়। 
ভূকম্পন কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১০ কিলোমিটার গভীরে। এ গভীরতায় কম্পনটি আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।