আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের কয়েক সপ্তাহের মাথায় আরেকটি মর্যাদাপূর্ণ সম্মাননা গ্রহণ করতে স্পেনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ‘২০২৬ প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ নিতে বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর ওভিয়েদোতে পৌঁছান তিনি।
ফুটবলে অসামান্য সাফল্য এবং নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৩৯ বছর বয়সী মেসিকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। একই সঙ্গে স্মরণ করেছেন প্রয়াত বাবা হোর্হে মেসিকে। সংবাদমাধ্যমকে মেসি জানান, পুরস্কারটি নিয়ে তার বাবা খুবই উচ্ছ্বসিত ছিলেন। ব্যস্ত সূচির কারণে স্পেনে আসা কঠিন হতে পারে জেনেও বাবা তাকে অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহ দিয়েছিলেন।
পুরস্কার গ্রহণের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন মেসি। পরে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং অন্য পুরস্কারজয়ীদের সঙ্গে নৈশভোজেও যোগ দেন তিনি।
শুক্রবার ওভিয়েদোর ১৯ শতকের ঐতিহ্যবাহী অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র তেয়াত্রো কাম্পোয়ামোরে আনুষ্ঠানিকভাবে মেসির হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। শনিবার রাতে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে মেসির ক্লাব ইন্টার মায়ামি।