পোল্যান্ডে একটি স্থায়ী মার্কিন সেনাঘাঁটি স্থাপনের উদ্যোগে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির নেতৃত্বের প্রশংসাও করেছেন তিনি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ঘাঁটির অবস্থান খুব শিগগিরই ঘোষণা করা হতে পারে। তিনি এটিকে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডের জোটের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটোর পূর্বাঞ্চলে মিত্রদের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে জোর দিয়ে আসছে পোল্যান্ড।এর আগে জুনে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছিলেন, দেশটিতে স্থায়ী মার্কিন সামরিক উপস্থিতি রাখার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আগ্রহ দেখিয়েছে। তবে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে পোল্যান্ডে মার্কিন সেনারা মূলত ঘূর্ণায়মান বা রোটেশনাল ব্যবস্থায় দায়িত্ব পালন করছেন। স্থায়ী ঘাঁটি স্থাপিত হলে দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতির ধরন পরিবর্তিত হতে পারে।