যুক্তরাষ্ট্রের ডিভি-২০২৭ লটারির নিবন্ধন পুনরায় চালুর নির্দেশ স্থগিত চেয়ে আদালতে আবেদন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছে সরকার। এতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ প্রত্যাশী বিদেশি আবেদনকারীদের মধ্যে কর্মসূচিটি চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর ট্রাম্প প্রশাসন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদেশটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
এর আগে ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহটা অভিবাসন আইন সংস্থা রেড ঈগল ল-এর দায়ের করা মামলায় ডিভি লটারির নিবন্ধন চালুর উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেন।
ডাইভার্সিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে কম অভিবাসী পাঠানো দেশগুলোর যোগ্য নাগরিকেরা এ কর্মসূচিতে অংশ নিতে পারেন। তবে লটারিতে নির্বাচিত হওয়ার পরও স্থায়ী বসবাসের অনুমতি পেতে নির্ধারিত শর্ত পূরণ করতে হয়।
নিবন্ধন বন্ধ থাকা নিয়ে আদালতের প্রশ্ন
মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০২৫ সালের নভেম্বরে জানিয়েছিল, ডিভি-২০২৭ কর্মসূচির আবেদনপ্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। নিবন্ধন শুরুর তারিখ পরে ঘোষণা করার কথা থাকলেও ২০২৭ অর্থবছর শুরু হওয়ার পরও কার্যক্রম চালু হয়নি।
আদালত পর্যবেক্ষণ করেন, নিবন্ধন বন্ধ থাকলে কেউ কর্মসূচিতে আবেদন করার সুযোগ পান না। পররাষ্ট্র দপ্তর কেন সাময়িক স্থগিতাবস্থাকে অনির্দিষ্টকালের স্থগিতাবস্থায় পরিণত হতে দিল, তার যথাযথ ব্যাখ্যাও পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।
মামলাকারী প্রতিষ্ঠান রেড ঈগল ল-এর দাবি ছিল, নিবন্ধন বন্ধ থাকায় তাদের গ্রাহক ও আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে সরকার বলেছিল, নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর আদালতের পক্ষে নিবন্ধন চালুর নির্দেশ দেওয়া যথাযথ নয়। তবে বিচারক সরকারের এ যুক্তি গ্রহণ করেননি।
নভেম্বরেই কি আবেদন শুরু?
আদালতের সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সীমা ঘোষণা করে ১ নভেম্বর থেকে ৩০ দিনের জন্য নিবন্ধন চালুর কথা রয়েছে। নির্বাচিতদের ৩ ডিসেম্বরের মধ্যে অবহিত করার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের আপিলের পর আদালত আদেশ স্থগিত করেন কি না, তার ওপর সময়সূচি বাস্তবায়ন নির্ভর করছে। ফলে নির্ধারিত তারিখে নিবন্ধন শুরু হবে—এমন নিশ্চয়তা এখনো নেই।
ডিভি লটারিতে অংশ নিতে আগ্রহীদের জন্য নিবন্ধনের আনুষ্ঠানিক ঘোষণা ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা গুরুত্বপূর্ণ। কারণ, নিবন্ধন করা, লটারিতে নির্বাচিত হওয়া এবং শেষ পর্যন্ত ভিসা পাওয়া পৃথক ধাপ। নির্বাচিত আবেদনকারীদের যোগ্যতা, নথিপত্র ও সাক্ষাৎকারসহ প্রয়োজনীয় যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করতে হয়।