ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি আবার চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইউনিট সচল হওয়ায় রোববার দুপুরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়ার আশা করা হচ্ছে।আদানি পাওয়ার জানায়, বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ১৭ মিনিটে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট সফলভাবে চালু করা হয়। সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের আশা করা হচ্ছে।
এর আগে ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ৮০০ মেগাওয়াট ক্ষমতার ওই ইউনিটের বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়েছিল।পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ইউনিটটি বিকল হওয়ার আগে গোড্ডা কেন্দ্র থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ইউনিট বন্ধ হওয়ার পর সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে যায়। এতে জ্বালানি সংকটের মধ্যে থাকা দেশের বিদ্যুৎ ব্যবস্থায় চাপ আরও বাড়ে এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যায়।
বিপিডিবির কর্মকর্তারা জানান, ত্রুটি শনাক্ত হওয়ার পর দ্রুত মেরামত শুরু করা হয়। প্রথমদিকে ইউনিটটি চালু করতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত শেষ হওয়ায় উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে।এর আগে আগস্টের মাঝামাঝি থেকে কয়লা পরিবহনে নানা সমস্যার কারণে গোড্ডা কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছিল না। রেলপথে যানজট, কয়লা পরিবহনে বিধিনিষেধ ও অতিবৃষ্টির কারণে কয়লা সরবরাহে বিঘ্ন ঘটে বলে জানিয়েছিল আদানি কর্তৃপক্ষ।
আগস্টের শেষ দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কেন্দ্রটির উৎপাদন বাড়তে শুরু করে। দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন হচ্ছিল। পরে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়ালেও বয়লারের ত্রুটিতে একটি ইউনিট বন্ধ হয়ে যায়।গোড্ডা কেন্দ্রের দুই ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। সংশ্লিষ্টরা আশা করছেন, বন্ধ ইউনিটটি পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং লোডশেডিং কিছুটা কমতে পারে।
আদানির গোড্ডা কেন্দ্রের বিকল ইউনিট চালু, দুপুরেই বাড়তে পারে সরবরাহ
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি আবার চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইউনিট সচল হওয়ায় রোববার দুপুরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়ার আশা করা হচ্ছে
প্রিয় বাংলাদেশবিশ্ব


