যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের দেশগুলোও ভুল কৌশল ও নীতির কারণে সংকটের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক সংঘাত নিরসনে সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক আলোচনা ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আরাগচি। তিনি অভিযোগ করেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে।
তাঁর মতে, পশ্চিমা দেশগুলোর ভুল নীতি ও পদক্ষেপ বিশ্বজুড়ে যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতি আরও জটিল করে তুলছে। আরাগচি বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই বিরোধ মেটানোর পথ খুঁজতে হবে। একই সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে অযৌক্তিক বলে আখ্যা দেন।
তিনি বলেন, বিদ্যমান সংকট নিরসন এবং পারস্য উপসাগরে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত। ইউক্রেন প্রসঙ্গে লাভরভ অভিযোগ করেন, ইউক্রেন সরকার ও ইউরোপের কয়েকটি দেশ দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়ার অবস্থানকে সমর্থন দেওয়ায় তিনি ইরানের প্রতিও কৃতজ্ঞতা জানান।



