স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। বুধবার (২৮ অক্টোবর) দেশটির কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
আঞ্চলিক সরকারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এএফপি এ তথ্য জানিয়েছে। আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে উরদা পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সরকারি একটি ট্রেনের সঙ্গে বেসরকারি রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেনের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনগামী রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকাজে একাধিক দমকল ইউনিট, তিনটি হেলিকপ্টার এবং দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা দল কাজ করছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে ট্রেনের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ট্রেন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদে নির্ধারিত একটি সম্মেলন বাতিল করেছেন। তার রাজনৈতিক দলও নির্বাচনী প্রচারের সব কার্যক্রম স্থগিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্পেনে এটি দ্বিতীয় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় আদামুজ গ্রামের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হন।