নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের সঙ্গে তীব্র বাক্যবিনিময়ে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একপর্যায়ে ওই সাংবাদিকের চেহারা ও শারীরিক গঠন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে তাঁকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, কানসাস ও আইওয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের দুটি নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করা হয়।
ওই দুই রাজ্যে রিপাবলিকান প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন। কর্মসূচি বাতিলের সঙ্গে তাঁর শারীরিক অসুস্থতার কোনো সম্পর্ক রয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রথমে ট্রাম্প বলেন, এ ধরনের প্রশ্ন করাটাই অসুস্থতার পরিচয়। পরে সাংবাদিক জানান, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। এরপর আরও উত্তেজিত হয়ে সাংবাদিকের চেহারা ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, সাংবাদিককে দেখতে জঘন্য লাগছে এবং নিজের শরীরের দিকে নজর দেওয়া উচিত। একই সঙ্গে নিজের স্বাস্থ্য ভালো রয়েছে বলেও দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যক্তি ও অন্যদের চেহারা এবং শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন ট্রাম্প।
মিশিগানের এক সমাবেশে সংগীতশিল্পী নিকি মিনাজ এবং কেনটাকিতে রিপাবলিকান প্রার্থী জন হুস্টেডকে নিয়েও তাঁর মন্তব্য আলোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়া টেক্সাসের রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের চেহারা নিয়েও নেতিবাচক মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।



