ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় এক সমাবেশে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হয়তো আবারও ‘ছোটখাটো এপিক ফিউরি অভিযান’ চালাতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের আট মাস পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে এবং জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে ট্রাম্পের এ বক্তব্য সামনে এসেছে। জ্বালানির বাড়তি দাম যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে আলোচনা রয়েছে।
এর আগে শুক্রবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে সংঘাত দ্রুত শেষ করা হবে, নাকি ধীরে ধীরে কমতে দেওয়া হবে—সে প্রশ্নও তোলেন তিনি। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন হচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা যা চাই, সবই পাচ্ছি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে তিনি বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে না। ওই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলি হামলায় হাজারো মানুষ নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



