দীর্ঘ ২৩ বছরের কর্মজীবনের ইতি টেনে মাইক্রোসফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন কেশবন শানমুগম। ভারতে থাকা বয়স্ক বাবা-মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংক্রান্ত উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কেশবন। প্রতিষ্ঠানের ‘এক্সেল কো-পাইলট’ এবং ভবিষ্যৎ প্রজন্মের ‘এজেন্টিক এআই’ প্রযুক্তি নিয়ে কাজের ক্ষেত্রেও তিনি নেতৃত্বস্থানীয় দায়িত্বে ছিলেন। 
বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এআই খাতে প্রতিযোগিতা যখন তীব্র, তখন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে তার পদত্যাগের সিদ্ধান্ত আলোচনায় এসেছে। তবে পেশাগত সাফল্যের চেয়ে পরিবারকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে কেশবন জানান, মাইক্রোসফটে তার ২৩ বছর ছিল দারুণ অভিজ্ঞতায় পূর্ণ। 
ভারতে বসবাসরত বয়স্ক বাবা-মায়ের সঙ্গে বেশি সময় কাটানোর উদ্দেশ্যেই তিনি অবসর নিচ্ছেন। তিনি আরও বলেন, ‘এক্সেল কো-পাইলট’-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প এবং দক্ষ সহকর্মীদের ছেড়ে আসা সহজ নয়। তবু জীবনের এই পর্যায়ে কাজ ও ক্যারিয়ারের পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের পাশে থাকাকেই তিনি বেশি অর্থবহ বলে মনে করছেন।