শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক বিভাজন, গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্বমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পাঠদান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মিলনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে। তবে মতের পার্থক্য যেন শিক্ষার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে শিক্ষকদের সচেতন থাকতে হবে।
তিনি বলেন, একজন অধ্যক্ষ কেবল প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব পালন করেন না; শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব ও ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি অনেকাংশে অধ্যক্ষের যোগ্যতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও দূরদর্শিতার ওপর নির্ভর করে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯২ সালের ২১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের শহর ও গ্রামের মানুষের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি শিক্ষার মান কতটা এগিয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন।
বিগত শাসনামলে শিক্ষাব্যবস্থার ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অধ্যক্ষদের নেতৃত্ব দিতে হবে।
প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, গতানুগতিক শিক্ষককেন্দ্রিক পাঠদান থেকে বেরিয়ে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করতে হবে। এ জন্য ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর হতে পারে।
তিনি সতর্ক করে বলেন, শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারলে সনদধারীর সংখ্যা বাড়লেও বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক, কারিগরি ও কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন ধারায় এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, অটোমেশন ও সাইবার নিরাপত্তাসহ আধুনিক প্রযুক্তি কর্মজগতের চিত্র বদলে দিচ্ছে। পুরোনো অনেক পেশার জায়গায় নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। তাই উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার বিকল্প নেই।
শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ তৈরি করা যেতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানে সংযুক্তি ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা বাড়াতে হবে। এতে শিক্ষাজীবনেই কর্মদক্ষতা অর্জন করে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখা যাবে না। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মান ভাষা শেখার সুযোগ বাড়ানোর কথাও বলেন তিনি।
শিক্ষক সংকট নিরসন, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তিনি জানান, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে। এ কার্যক্রম আরও এগিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে জ্ঞান, দক্ষতা, আত্মনির্ভরশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটবে এবং বিশ্বমঞ্চে দেশ মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় থাকা শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের। উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অধিভুক্ত কলেজগুলোর সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এ সম্মিলনের আয়োজন করা হয়।