কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপের মিশনে বাংলাদেশ ‘এ’ দলের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। তাকে অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর দোহায় অনুষ্ঠিত হবে আট দলের এই প্রতিযোগিতা। টুর্নামেন্টটি আয়োজন করা হবে ৫০ ওভারের ফরম্যাটে।চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন প্রাথমিক তালিকায় থাকা নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়। এ ছাড়া জায়গা হয়নি জাকির হাসান, এস এম মেহেরব হাসান ও আমিনুল ইসলাম বিপ্লবের।
প্রাথমিক দলে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ার পর সাইফ হাসানকে রাইজিং স্টার্সের দলে অন্তর্ভুক্ত করা হয়। এবার তার কাঁধেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে নির্বাচকরা। ব্যাটিং বিভাগে রয়েছেন পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, ইরফান শুক্কুর, ইফতেখার হোসেন ইফতি, সাব্বির রহমান ও আফিফ হোসেন ধ্রুব।
বোলিং বিভাগে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, সামিউন বশির রাতুল ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
বাংলাদেশ ‘এ’ দল খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্য গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ দুটি ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
বাংলাদেশ ‘এ’ দলের চূড়ান্ত স্কোয়াড:** সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।



