ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগাল কোচ জর্জ জেসুসের বিরোধ নিয়ে এবার সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তার দাবি, রোনালদোর সঙ্গে আচরণের জন্য জেসুসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত।

রোনালদোর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ফার্ডিনান্ড মনে করেন, অনুশীলন ক্যাম্প ছাড়ার ঘটনায় পর্তুগিজ তারকার সঙ্গে যথাযথ আচরণ করা হয়নি।

নিজের অনুষ্ঠান ‘রিও প্রেজেন্টস’-এ ফার্ডিনান্ড বলেন, পরিস্থিতি সামলাতে জর্জ জেসুস ভুল করেছেন। তার মতে, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোর সঙ্গে এমন আচরণের যৌক্তিক ব্যাখ্যা তিনি খুঁজে পাচ্ছেন না।

ফার্ডিনান্ডের ভাষ্য, কোচকে নিজের ভুল স্বীকার করে রোনালদোর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং এরপর তার সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি পরিষ্কার করা দরকার।

জেসুসের সমালোচনা করে সাবেক এই ইংলিশ ডিফেন্ডার বলেন, কোচ এমনভাবে বিষয়টি সামলেছেন যেন তিনি নিজেকে অ্যালেক্স ফার্গুসন কিংবা পেপ গার্দিওলা মনে করছেন।

তবে পুরো ঘটনার বিষয়ে রোনালদো এখনো প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি। ভবিষ্যতে প্রকৃত ঘটনা জানাবেন বলে ইঙ্গিত দেওয়ায় পর্তুগাল দলের ভেতরের বিরোধ নিয়ে তার বক্তব্যের অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।