আইপিএলের আসন্ন নিলামে থাকছেন না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। গত আসরে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) জায়গা পেয়েও খেলতে না পারার অভিজ্ঞতার পর এবার নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্তের পেছনে গতবারের বিতর্ক এবং নতুন করে সমালোচনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির এক সূত্রের দাবি, গতবারের ঘটনা মোস্তাফিজের মনে এখনো প্রভাব ফেলছে। এবার নিলামে দল না পেলে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়তে পারেন—এমন আশঙ্কাও রয়েছে তার। কেউ কেউ তাকে অর্থের প্রতি অতিরিক্ত আগ্রহী বলে আক্রমণ করতে পারেন। এসব বিবেচনায় নিলামে নাম না লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আইপিএলের পরিবর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া তথ্য অনুযায়ী, লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই পেসার আগামী মৌসুমেও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরতে পারেন।
গত আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশি এই ক্রিকেটারকে দলে নেওয়ার পর থেকেই ভারতের কয়েকটি উগ্র ডানপন্থী সংগঠন বিরোধিতা শুরু করে। বিজেপি নেতা সঙ্গীত সিং শোম কলকাতা দলের মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেন। এমনকি মোস্তাফিজ ভারতে গেলে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে বিতর্কের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয় কেকেআর। পরবর্তী সময়ে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নেয় স্কটল্যান্ড।
আইপিএলে এর আগে পাঁচটি দলের হয়ে খেলেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। অভিষেক আসরেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আইপিএলে ৬০ ম্যাচে তার সংগ্রহ ৬৫ উইকেট।
আইপিএলের নিলামে না থাকলেও অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন এই পেসার। বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। পাশাপাশি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অংশ নিতে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন তিনি।