বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এসব টুর্নামেন্টের ওপর নজরদারি জোরদার করতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থ রক্ষা এবং লিগ পরিচালনায় শৃঙ্খলা আনতে নতুন বিধিনিষেধ তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
এ লক্ষ্যে গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে একটি বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর অনুমোদন ও পরিচালনাপদ্ধতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ তৈরি করছে কমিটি। ১১ থেকে ১৫ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য আইসিসির বোর্ড সভায় প্রাথমিক সুপারিশ উপস্থাপনের কথা রয়েছে।
আইসিসির উদ্বেগের অন্যতম কারণ আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সাংঘর্ষিক সূচি। এসব টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ায় জাতীয় দলের প্রতি তাদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন লিগে দুর্নীতি, অবৈধ বেটিং এবং সন্দেহজনক পৃষ্ঠপোষকতার ঝুঁকিও পর্যালোচনা করছে সংস্থাটি।
নতুন পরিকল্পনায় লিগ পরিচালনার অনুমোদন আরও কঠোর করা এবং নিয়ম ভাঙলে আইসিসির হস্তক্ষেপের সুযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে নজরদারি বাড়ানোর বিষয়টিও রয়েছে বিবেচনায়।
আইপিএল, বিগ ব্যাশ, এসএ২০, আইএলটি২০, মেজর লিগ ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো আসরগুলোর বাণিজ্যিক পরিসর দ্রুত বাড়ছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতেও। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোর ক্রিকেট বোর্ড খেলোয়াড় ধরে রাখা এবং আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়ছে। এসব সমস্যা মোকাবিলায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওপর কার্যকর নীতিমালা প্রতিষ্ঠা করতে চায় আইসিসি।



