চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে দর্শকদের দুয়ো শুনতে হয়েছে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রকে। সমালোচনার মুখে থাকা রিয়াল মাদ্রিদের এই দুই তারকার পক্ষ নিয়েছেন কোচ জোসে মরিনহো। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে পর্তুগিজ এই কোচ বলেছেন, ফল দেয় এমন গাছকেই মানুষ পাথর ছুড়ে।মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে পঞ্চম স্থানে উঠে আসেন তিনি।

তবে ম্যাচে এমবাপ্পে ও ভিনিসিয়ুসের রক্ষণাত্মক ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গ্যালারির দর্শকেরা। এ প্রসঙ্গে ভিনিসিয়ুসকে নিয়ে মরিনহো একটি পর্তুগিজ প্রবাদ তুলে ধরেন—ফলধারী গাছকেই লক্ষ্য করে পাথর ছোড়া হয়।মরিনহোর মতে, রিয়ালের হয়ে ভিনিসিয়ুসের অর্জনই তার সক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ। গত কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগ জয়, গোল এবং দলের জন্য বল পুনরুদ্ধার—সব ক্ষেত্রেই তার অবদান রয়েছে। তাই তাকে নিয়ে প্রত্যাশাও বেশি।

রিয়াল কোচ আরও বলেন, বর্তমান পরিসংখ্যান বিশ্লেষণ করলে ভিনিসিয়ুস তার সেরা ফর্মের খুব কাছাকাছি রয়েছেন। এরই মধ্যে বেশ কিছু রেকর্ড গড়া এই ব্রাজিলিয়ান তারকার কাছ থেকে শিগগিরই আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে বলে আশাবাদী তিনি।

এমবাপ্পের ক্ষেত্রেও একই যুক্তি দিয়েছেন মরিনহো। তার ভাষায়, ৪০টির বেশি গোল করা একজন ফুটবলারকে দলের জন্য সমস্যা হিসেবে দেখা যায় না। বরং এমবাপ্পে মাঠে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন এবং রক্ষণেও পরিশ্রম করছেন। তার মানসিকতার প্রশংসা করে ফরাসি তারকাকে খেলতে দেখাকে আনন্দের বলেও উল্লেখ করেন মরিনহো।