জাতীয় দলের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পথচলা থামলেও ফুটবল ক্যারিয়ারের ইতি এখনই দেখছেন না পর্তুগিজ কোচ হোসে মরিনিও। তার মতে, মাঠে রোনালদোর দেওয়ার মতো আরও অনেক কিছু বাকি রয়েছে।
রিয়াল মাদ্রিদে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে রোনালদোর মানসিকতা সম্পর্কে ভালো ধারণা রয়েছে মরিনিওর। তার অধীনে স্প্যানিশ ক্লাবটিতে তিন মৌসুম খেলেছিলেন এই তারকা। বৃহস্পতিবার পর্তুগাল জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড। দেশের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোলের অনন্য রেকর্ড গড়েছেন তিনি।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তকে রোনালদোর প্রকৃত অবসর হিসেবে দেখার সুযোগ নেই। খেলোয়াড়ি জীবনে তার এখনো বেশ কিছু লক্ষ্য রয়েছে। তাই একজন ফুটবলার হিসেবে রোনালদোর চূড়ান্ত বিদায় যেন আরও ভিন্ন ও সুন্দরভাবে আসে, সেটিই তার প্রত্যাশা।
রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা অবশ্য খুব একটা সুখকর হয়নি। গত সেপ্টেম্বরের শেষ দিকে নেশন্স লিগের ম্যাচে তাকে খেলানো নিয়ে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিরোধ তৈরি হয়। এর জেরে ৪১ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। পরে তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞাও দেওয়া হয়।
জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে এখনই থামছেন না রোনালদো। সৌদি আরবের আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।




