বাংলাদেশে অবস্থানকালে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অস্বস্তিতে পড়েনি ভারতীয় ফুটবল দল। বরং মাঠের অনুশীলন থেকে শুরু করে ম্যাচ খেলা পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ নওশাদ মুসা।
সাফের উদ্বোধনী ম্যাচ শেষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের এই কোচ। সেখানে দলের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, সফরের পুরো সময় একজন নিরাপত্তা কর্মকর্তা তাদের সঙ্গে রয়েছেন। তাঁর পরামর্শ অনুযায়ী খেলোয়াড়দের একা কোথাও যেতে নিষেধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও দলকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান নওশাদ মুসা। ক্রিকেট দলের বাংলাদেশ সফর না করার বিষয়টি সম্পর্কে তাঁর কোনো মন্তব্য নেই বলেও স্পষ্ট করেন তিনি।
ম্যাচের পারফরম্যান্স নিয়েও কথা বলেন ভারতীয় কোচ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত তাঁর দল ৩-০ ব্যবধানে এগিয়ে থাকলেও যোগ করা সময়ে পরপর দুই গোল হজম করে। তাঁর মতে, শেষ দিকে মনোযোগের ঘাটতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খেলা আরও পাঁচ থেকে দশ মিনিট চললে ফলাফল ভিন্ন হতে পারত বলেও মনে করেন তিনি।
এদিকে ভারতের পূর্ণ শক্তির দল নিয়ে সাফে অংশ নেওয়া হয়নি। দলটির মূল স্কোয়াডের কয়েকজন খেলোয়াড় নিউজিল্যান্ডে প্রীতি ম্যাচ খেলবেন। ফিফা উইন্ডোতে আরও কয়েকজন ফুটবলার যুক্ত হওয়ার কথা রয়েছে। আজকের ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছে ১৭ সদস্যের দল।
অন্যদিকে ভারতের বিপক্ষে পিছিয়ে পড়লেও নিজেদের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন পাকিস্তানের কোচ সলানো। তাঁর মতে, প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল আদায় করতে পারলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত। ভারতের অপেক্ষাকৃত ছোট স্কোয়াডও যথেষ্ট শক্তিশালী ছিল বলে স্বীকার করেন তিনি।