যুব এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের যাত্রা শুরু হলো হতাশার হার দিয়ে। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি অনূর্ধ্ব-১৯ দল। ১১৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আসর শুরু করেছে আফগান যুবারা।
প্রথমে ব্যাট করে ২৩১ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন ফয়সাল রাহিমি। তাহের সারওয়ারির ব্যাট থেকে আসে ৩৭ রান। এ ছাড়া সোহাইল ১৭ ও হামজা করেন ১৫ রান। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাফিউল আলম তামিম। তিনি চারটি উইকেট শিকার করেন। অনিক পান দুটি উইকেট।
জবাব দিতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে সাজঘরে ফেরেন ব্যাটাররা। পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে দলটি।
৪১ রানে ছয় উইকেট হারানোর পর শেখ জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনের ৫৫ রানের জুটি বাংলাদেশের ইনিংসে স্বস্তি ফেরালেও বড় পরাজয় এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। ৫৮ বলে ৪১ রান করে আউট হন জারিফ। শেষ দিকে রুবাই ইসলাম রিজন করেন ২১ রান।
শেষ পর্যন্ত ১১৮ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। আফগানিস্তানের নূর, হামজা ও সামি মুবারেজ তিনটি করে উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।