লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথচলা সহজ হবে না—এ কথা অকপটে স্বীকার করেছেন কোচ লিওনেল স্কালোনি। দীর্ঘ দুই দশক ধরে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে থাকা মেসির বিদায়ী ম্যাচের পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। স্কালোনির মতে, মেসির মতো প্রভাবশালী খেলোয়াড়ের অভাব পূরণ করা কঠিন।
বিদায়ী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এখন আমাদের তাকে ছাড়া চলতে হবে। নিঃসন্দেহে কঠিন হবে। গত কয়েক বছরে আমরা যা পেয়েছি, তা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। সামনে কঠিন সময় আসতে পারে।’
আর্জেন্টিনার জার্সির মর্যাদা রক্ষায় মেসির অবদানের কথাও তুলে ধরেন কোচ। তিনি বলেন, অন্য যে কারও চেয়ে আলাদাভাবে এই জার্সির সম্মান রক্ষা করার জন্য মেসির প্রতি তাদের চিরন্তন কৃতজ্ঞতা। ইতিহাসের সেরা খেলোয়াড়ের কোচ হতে পারাকে নিজের জীবনের স্বপ্নের মতো অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন স্কালোনি।
মেসির প্রভাবের তুলনা যে অন্য কারও সঙ্গে চলে না, সেটিও স্পষ্ট করেছেন আর্জেন্টিনার এই কোচ। তার ভাষায়, দল যেভাবেই গড়া হোক না কেন, মেসির সেই বিশেষ প্রভাব আর থাকবে না। এমন প্রভাব বিস্তার করার ক্ষমতা তিনি আর কারও মধ্যে দেখেননি।
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সি বরাবরই বিশেষ মর্যাদার প্রতীক। মারিও কেম্পেস, দিয়েগো ম্যারাডোনা ও মেসির মতো কিংবদন্তিরা এই জার্সি গায়ে বিশ্বকাপ জিতেছেন। তাদের মতো প্রতিভাবান ফুটবলার পেতে আর্জেন্টিনাকে দীর্ঘ অপেক্ষা করতে হতে পারে। তাই মেসির বিদায়ের পর দলটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নতুন নেতৃত্ব ও খেলার ধরন গড়ে তোলা।
তবে মেসির শূন্যতা নিয়ে হতাশায় ডুবে থাকতে চান না স্কালোনি। তিনি বলেন, ‘আমরা নতুন কিছু খুঁজব, নতুন উপায় বের করব। তাকে উপভোগ করতে পারাটা ছিল অবিশ্বাস্য। এখন তাকে ছাড়া এগিয়ে যেতে হবে এবং আমরা এগিয়ে যাব।’
কোচের উপলব্ধি, মেসির মতো একজন খেলোয়াড়ের বিকল্প একক কোনো ফুটবলারের মধ্যে খোঁজা বাস্তবসম্মত নয়। বরং দলকে আরও শক্তিশালী করে প্রত্যেক খেলোয়াড়ের সম্মিলিত অবদানের মাধ্যমে এগিয়ে যাওয়াই হবে মেসি-পরবর্তী আর্জেন্টিনার মূল কৌশল।




