রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামও রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে লালমাটিয়ার একটি বাসা থেকে আজিজুল ইসলামকে আটক করে ডিবির তেজগাঁও বিভাগ। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে হারিয়ে যশোর-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আজিজুল। এর আগে তিনি কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার নাম রয়েছে। ওই মামলায় ৫৪ জনের বিরুদ্ধে ২০২৬ সালের এপ্রিলে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অন্যদিকে রোববার সন্ধ্যায় বনানী থেকে মাহাবুবুল আলম জোবায়ের (৩৭) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে এসআরইউ। তিনি বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্তমান সদস্য বলে জানিয়েছে পুলিশ।
একই ইউনিটের আরেকটি দল রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে আটক করে। তারা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল (৫২), স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন (২৭) এবং শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মো. মাহবুব (২৭)। দুলাল নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছেন।
ডিএমপির ভাষ্য অনুযায়ী, রাজধানীতে সাম্প্রতিক অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ, লোকবল ও সরঞ্জাম সরবরাহের অভিযোগ রয়েছে গ্রেপ্তার তিন নেতার বিরুদ্ধে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার সকালে যাত্রাবাড়ীর জনপদ মোড় থেকে পাঁচটি ককটেলসহ মো. সাইফুল ইসলাম (৩৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে এসআরইউ।