ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপ (এসডব্লিউজি)। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি বর্তমান ৫০০ টাকা থেকে বেড়ে ১২ দশমিক ৫ ডলার হবে। ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ধরলে যাত্রীপ্রতি এই ফি দাঁড়াবে ১ হাজার ৫৫০ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রস্তাবটি পর্যালোচনা শেষে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি সম্পাদনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার বিনিময়ে জাপানি প্রতিষ্ঠান সরকারকে অগ্রিম ৮ দশমিক ১ মিলিয়ন ডলার দেবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। এ ছাড়া টার্মিনাল থেকে অর্জিত আয়ের কমপক্ষে ২৭ শতাংশ সরকারের কোষাগারে জমা হবে।
যাত্রীদের ব্যয় বাড়ার শঙ্কা
চুক্তির অন্যতম আলোচিত বিষয় আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি বৃদ্ধি। বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের এ খাতে ৫০০ টাকা দিতে হয়। নতুন ব্যবস্থায় তা নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ ডলার। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে ফি দাঁড়াবে ১ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ বর্তমানের তুলনায় যাত্রীপ্রতি অতিরিক্ত ১ হাজার ৫০ টাকা ব্যয় হবে। ডলারের বিনিময়মূল্য পরিবর্তিত হলে টাকার অঙ্কেও তার প্রভাব পড়বে।
২২ হাজার কোটি টাকার প্রকল্প
‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট এইচএসআইএ’ শীর্ষক প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় পরিচালন ও রক্ষণাবেক্ষণের কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সেই হিসাবে জাপানি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাবিত প্রায় ১০০ কোটি টাকা অগ্রিম পাওয়া যাবে, যা মোট প্রকল্প ব্যয়ের মাত্র ০ দশমিক ৪৫ শতাংশ।
দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর চুক্তির শর্তগুলো চূড়ান্ত পর্যায়ে এসেছে। তবে ১৫ বছরের পরিচালন দায়িত্ব, যাত্রীদের বাড়তি ফি এবং সরকারের রাজস্ব প্রাপ্তির বিষয়গুলো চুক্তিটির গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। তৃতীয় টার্মিনালের আধুনিক ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নের পাশাপাশি বাড়তি যাত্রী ব্যয়ের বিষয়টিও তাই আলোচনায় গুরুত্ব পাচ্ছে।