আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ওমান সফরের প্রস্তুতি নিলেও ভিসা জটিলতায় আটকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যাত্রা। শনিবার দেশ ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর স্থগিতের খবর পান ক্রিকেটাররা।
শুক্রবার রাতে দলকে জানানো হয়, আপাতত ওমান যাওয়া হচ্ছে না। নতুন ফ্লাইটের সময়সূচি পরে জানানো হবে। সফরের জন্য গত মাসের শুরু থেকেই ভিসা পাওয়ার চেষ্টা চলছিল।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভিসা না পাওয়ায় দলের নির্ধারিত ভ্রমণসূচি পিছিয়ে গেছে। বিষয়টি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল।
সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার ওমান ক্রিকেট একাডেমি মাঠে সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু সোমবারের আগে ভিসা পাওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সে ক্ষেত্রে সিরিজের আগে ওমানে পৌঁছানো এবং নির্ধারিত সময়ে খেলা শুরু করা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
ফরিদ হাসান ফয়সলের নেতৃত্বে এ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাম্প্রতিক গেম ডেভেলপমেন্ট ট্রফিতে পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকজন ক্রিকেটারও দলে জায়গা পেয়েছেন। এখন ভিসা প্রাপ্তি ও নতুন ভ্রমণসূচির অপেক্ষায় রয়েছে দলটি।