আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনার জর্ডন হার্মান।নামিবিয়ার বিপক্ষে নিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১২৬ বল মোকাবিলা করে ১৭টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৫০ রান করেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।হার্মানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

অভিষেকে ১৫০ রান করে ওয়ানডের প্রথম ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডে নিউজিল্যান্ডের ম্যাথিউ ব্রেটজকের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন হার্মান। ব্রেটজকে ২০২৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকেই ১৫০ রান করেছিলেন।দক্ষিণ আফ্রিকার শুরুটা অবশ্য বেশ কঠিন ছিল। ওপেনার কনর এস্টারহুইজেন মাত্র ১০ রান করে রুবেন ট্রাম্পেলম্যানের বলে বিদায় নেন।

এরপর টনি ডি জর্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৯০ রানের বড় জুটি গড়েন হার্মান। ৮৪ বলে ৭২ রান করে ডি জর্জি তাকে যোগ্য সঙ্গ দেন।হার্মান সাজঘরে ফেরার পর শেষ দিকে দ্রুত রান তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডেওয়াল্ড ব্রেভিস ও করবিন বশ। তাদের ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৪৮-এ পৌঁছায়।নামিবিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রুবেন ট্রাম্পেলম্যান। ৬৮ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। জেজে স্মিট ও জেরহার্ড এরাসমাস পান একটি করে উইকেট।

ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রান:
১৫০ — ম্যাথিউ ব্রেটজকে, নিউজিল্যান্ডের বিপক্ষে (২০২৫)১৫০ — জর্ডন হার্মান, নামিবিয়ার বিপক্ষে (২০২৬)১৪৮ — ডেসমন্ড হেইন্স, অস্ট্রেলিয়ার বিপক্ষে (১৯৭৮)১২৭ — রহমানউল্লা গুরবাজ, আয়ারল্যান্ডের বিপক্ষে (২০২১)১২৪ — কলিন ইনগ্রাম, জিম্বাবুয়ের বিপক্ষে (২০১০)