প্রায় এক মাস পর মাঠে ফিরেই জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে তার নৈপুণ্যেও জয় পায়নি সান্তোস। ব্রাজিলিয়ান সিরি আ’র ম্যাচে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি। শুক্রবার ঘরের মাঠ ভিলা বেলমিরোতে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে সান্তোস। ৪৩ মিনিটে দানিলো এবং প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতা গোল করে ফ্ল্যামেঙ্গোকে এগিয়ে দেন।
বিরতির পর ফিলিপ কৌতিনিয়োর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ৭৯ মিনিটে জর্জিনহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ফ্ল্যামেঙ্গো। এই সুযোগ কাজে লাগিয়ে ৮২ ও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে সমতায় ফেরান নেইমার।
গত ২ সেপ্টেম্বর পালমেইরাসের বিপক্ষে ডান ঊরুর পেশিতে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন তিনি। প্রায় এক মাস পর ফিরে দলের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিলেন ব্রাজিলের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। ম্যাচে সাবেক জাতীয় দল সতীর্থ লুকাস পাকেতার সঙ্গে তার উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়। নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্ল্যামেঙ্গোর এই মিডফিল্ডার।
ড্রয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফ্ল্যামেঙ্গোর সংগ্রহ ৬১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা পালমেইরাসের সঙ্গে তাদের ব্যবধান মাত্র এক পয়েন্ট। অন্যদিকে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে সান্তোস। ম্যাচের ফলে দুই দলেরই টানা পাঁচ জয়ের ধারায় ছেদ পড়েছে।