জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাঠের উত্তেজনাকর পরিস্থিতির জেরে শাস্তির মুখে পড়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়। প্রতিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে অসদাচরণের দায়ে পরবর্তী এক ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। একই ঘটনায় জরিমানার মুখোমুখি হয়েছেন ময়মনসিংহের ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিন।
খুলনা ও ময়মনসিংহের মধ্যকার ম্যাচের শেষ দিনে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে রবিনের দিকে ব্যাট উঁচিয়ে এগিয়ে যান বিজয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহের অন্য খেলোয়াড়দের হস্তক্ষেপ করতে হয়। পরবর্তী সময়েও দুজনের মধ্যে কয়েক দফা উত্তেজনা দেখা দেয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিপক্ষের খেলোয়াড়কে উদ্দেশ করে অশালীন মন্তব্যও করেছিলেন বিজয়। এ ঘটনায় ক্রিকেটের আচরণবিধির লেভেল-টু অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
ম্যাচ রেফারির শুনানি শেষে বিজয়ের নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আচরণবিধির ২.১.৩ ধারা লঙ্ঘনের দায়ে পাওয়া এই শাস্তির কারণে এনসিএলের পরবর্তী রাউন্ডে খেলতে পারবেন না তিনি। অন্যদিকে, রবিনকে ম্যাচ ফির ১০ শতাংশ অর্থদণ্ড দেওয়া হয়েছে। টাকার হিসাবে জরিমানার পরিমাণ ১৫ হাজার।
ম্যাচটিতে শৃঙ্খলাভঙ্গের আরও কয়েকটি অভিযোগ উঠেছিল। খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনসহ দলের আরও দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছিলেন ম্যাচ রেফারি সৈয়দ আদিল আহমেদ।
উল্লেখ্য, মাঠের এই উত্তেজনার মধ্যেও ম্যাচের ফলাফলে এগিয়ে ছিল খুলনা। ময়মনসিংহ বিভাগকে আট উইকেটে হারিয়ে জয় তুলে নেয় দলটি।