দুই গোলের ব্যবধান, টানা ব্যর্থতার চাপ—সব বাধা পেরিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রোমার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে দলটি। জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা, যিনি দ্বিতীয়ার্ধে পরপর দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান।
মঙ্গলবারের ম্যাচে শুরুটা মোটেও স্বস্তির ছিল না স্বাগতিকদের জন্য। প্রথম ১৭ মিনিটের মধ্যেই মাতিয়াস সোলে ও ডনিয়েল মালেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রোমা। বিরতির আগ পর্যন্ত ব্যবধান কমাতে পারেনি ইউনাইটেড। ফলে ঘরের মাঠেই আরেকটি হতাশাজনক ফলের আশঙ্কা তৈরি হয়।
মাঠের বাইরেও তখন উত্তেজনা বিরাজ করছিল। ক্লাবের মালিক গ্লেজার্স পরিবারের বিরুদ্ধে সমর্থকদের প্রতিবাদ চলছিল। দুই গোলে পিছিয়ে পড়ার পর ২১ মিনিটে দর্শকদের একাংশ মাঠে টেনিস বল ছুড়ে প্রতিবাদ জানান। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র।
দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। এরপর আক্রমণের গতি বাড়িয়ে রোমার রক্ষণে চাপ সৃষ্টি করে ইউনাইটেড। সেই চাপের ফল আসে ৮৩ মিনিটে। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে নিজের প্রথম গোলটি করেন কুনহা। মাত্র তিন মিনিট পর তার নেওয়া শট কাছের পোস্টে লেগে জালে ঢুকলে পূর্ণতা পায় ইউনাইটেডের প্রত্যাবর্তন।
তবে জয়ের আনন্দের মধ্যেও লাল কার্ড দেখতে হয় কুনহাকে। গোলের পর জার্সি খুলে উদযাপন করায় প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন তিনি। যোগ করা সময়ে আরেকটি ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।
তাতে অবশ্য ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও ৩-২ ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে এটি দলটির তৃতীয় জয়। এই সাফল্য একদিকে যেমন খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফেরাবে, অন্যদিকে কোচ মাইকেল ক্যারিকের ওপর তৈরি হওয়া চাপও কিছুটা কমাবে।



