ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের ডাগআউটে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক মিডফিল্ডার স্কট পার্কার। বুধবার তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আড়াই বছরের চুক্তিতে দলটির প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন ৪৬ বছর বয়সী এই ইংলিশ কোচ।
খেলোয়াড় হিসেবে ওয়েস্ট হ্যামের জার্সিতে চার মৌসুম কাটিয়েছেন পার্কার। কোচিং ক্যারিয়ারেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। চ্যাম্পিয়নশিপ থেকে বোর্নমাউথ ও বার্নলিকে প্রিমিয়ার লিগে তোলার অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া ফুলহ্যাম ও ক্লাব ব্রুগের দায়িত্বেও ছিলেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে পার্কার জানিয়েছেন, পুরোনো ক্লাবে ফিরতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। ওয়েস্ট হ্যামের হয়ে কাটানো সময়কে নিজের ফুটবল জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হিসেবেও উল্লেখ করেন তিনি। দলকে আবারও ইংলিশ ফুটবলের শীর্ষ আসরে ফিরিয়ে নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
এর আগে মঙ্গলবার নুনো এসপিরিতো সান্তোকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ওয়েস্ট হ্যাম। চলতি চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত ফল না পাওয়ায় এই সিদ্ধান্ত নেয় ক্লাবটি। ১৩ ম্যাচে ৮ নম্বরে থাকা দলটি শীর্ষস্থানীয় মিডলসব্রোর চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে।
ওয়েস্ট হ্যামের হয়ে প্রিমিয়ার লিগে ফেরার চ্যালেঞ্জকে গুরুত্বের সঙ্গে দেখছেন পার্কার। এর আগে তিনবার দলকে চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ লিগে উন্নীত করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।
২০২৪ সালের মে মাসে ডেভিড ময়েস ক্লাব ছাড়ার পর স্থায়ী কোচ হিসেবে পার্কার ওয়েস্ট হ্যামের চতুর্থ নিয়োগ। তাঁর আগে জুলেন লোপেতেগুই ও গ্রাহাম পটারও দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন।




