ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কোর ফুটবলার ও পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। মামলাটি বাতিলের জন্য তার পক্ষ থেকে করা সর্বশেষ আইনি আবেদনও খারিজ হয়ে গেছে।ফ্রান্সের সর্বোচ্চ আদালত কোর্ট অব ক্যাসেশন হাকিমির করা আপিল গ্রহণ করেনি। এর ফলে তার বিরুদ্ধে চলমান মামলাটি বিচারপর্বে যাওয়ার পথ পরিষ্কার হয়েছে। মামলাটি প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের একটি ফৌজদারি আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। বিচার শুরুর নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি; তবে আগামী বছর কার্যক্রম শুরু হতে পারে।

ঘটনাটি ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারির। অভিযোগকারী এক তরুণী দাবি করেন, ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে যোগাযোগের পর তিনি বুলোন-বিয়ঁকুরে তার বাসায় গিয়েছিলেন। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।হাকিমির বিরুদ্ধে ওই বছরের ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন এই ফুটবলার।

মামলাটি বাতিলের জন্য হাকিমির আইনজীবীরা প্রথমে আপিল আদালতে আবেদন করেন। ২০২৫ সালের জুনে ভার্সাইয়ের আপিল আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করে। এরপর বিষয়টি কোর্ট অব ক্যাসেশনে নেওয়া হলেও সর্বশেষ সেই আবেদনও খারিজ হয়েছে।তবে বিচারের জন্য মামলা পাঠানোর সিদ্ধান্তকে হাকিমির দোষ প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে না। আদালতে বিচার শেষে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।