দলবদল নিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে টানাপোড়েনের পর এবার দীর্ঘদিনের এজেন্ট ফার্নান্দো ইদালগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। নতুন এজেন্ট খুঁজছেন তিনি। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে আলোচনায় আসেন আলভারেস। তাকে দলে নিতে আগ্রহী ছিল কাতালান ক্লাবটি। তবে আতলেতিকো নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত দলবদলটি সম্পন্ন হয়নি। আলভারেসের চুক্তিতে থাকা ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজ নিয়েও অবস্থান বদলায়নি মাদ্রিদের ক্লাবটি।
২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন আলভারেস। তিনি বলেছিলেন, ‘সবার জন্যই সবচেয়ে ভালো হবে যদি আমি অন্য কোনো ক্লাবে চলে যাই।’ তার এ মন্তব্য ভালোভাবে নেয়নি আতলেতিকো কর্তৃপক্ষ।
আলভারেসের ঘনিষ্ঠ মহলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিন। গত আগস্টে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু মানুষ আলভারেসকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়েছেন।
দলবদল নিয়ে বিরোধের পর এবার এজেন্ট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন আলভারেস। নতুন প্রতিনিধি নিয়োগের মাধ্যমে নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা কীভাবে এগিয়ে নেন, এখন সেটিই দেখার বিষয়।




