প্রথম ম্যাচের হারের হতাশা ভুলে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ নারী দল। আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি সোবহানা মোস্তারির দল। ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ১৫ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। তাদের ব্যাটে প্রথম উইকেটেই আসে ১০৪ রান। বড় এই জুটিই বাংলাদেশের জয়ের পথ অনেকটা সহজ করে দেয়।
দলীয় ১০৪ রানে সাথী ফিরলেও জয় পেতে কোনো সমস্যায় পড়েনি বাংলাদেশ। ৪৩ বলে ৪৫ রান করেন এই ওপেনার। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে অর্ধশতক ছাড়িয়ে যান দিলারা। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শারমিন আক্তার ৬ রান নিয়ে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ১৩১ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। শুরুতে উইকেট ধরে রেখে রান তুললেও মাঝের ওভারগুলোতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে দলটি।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো মুগেরি ত্রিপানো। অধিনায়ক জোসেফিন এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান। এ ছাড়া কেলিস এনদোভলু ২২ এবং বিলাভড বিজা ১২ রান করেন।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি একাই তুলে নেন তিনটি উইকেট। দিশা বিশ্বাস পান দুটি এবং রিতুমনি নেন একটি উইকেট।
বোলারদের সাফল্যের পর ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা।