আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে টিকিটের মূল্য প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে জায়গা পেয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের পর জাতীয় দলের জার্সিতে এটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।

শ্রেণিভেদে টিকিটের দাম রাখা হয়েছে ৫২ থেকে ২৭৮ ইউরো পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় সর্বনিম্ন দাম প্রায় ৭ হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ প্রায় ৪০ হাজার টাকা। বিভিন্ন ক্যাটাগরিতে ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরোর টিকিটও রয়েছে। শিশুদের জন্য টিকিটের মূল্য ১৭ ইউরো।ফরাসি সংবাদমাধ্যম ফুট মের্কাতোর তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এএফএর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কেনার সুযোগ রয়েছে।

মেসির বিদায়ী ম্যাচকে বিশেষ করে তুলতে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছে এএফএ। মাঠে সাবেক সতীর্থদের সঙ্গে মেসিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ ক্যারিয়ারে একাধিক আন্তর্জাতিক শিরোপা জিতেছেন মেসি। এর মধ্যে ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ জয় অন্যতম।