পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আবারও পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। সালমান আলী আগাকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে।সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন অধিনায়কের নাম ঘোষণা করে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ফারহানের নেতৃত্বেই মাঠে নামবে পাকিস্তান।
আড়াই বছরের মধ্যে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে এটি চতুর্থ অধিনায়ক পরিবর্তন। এর আগে বিভিন্ন সময়ে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও সালমান আলী আগা দলটির নেতৃত্ব দিয়েছেন।সালমান আলী আগাকে সরানোর নির্দিষ্ট কারণ অবশ্য পিসিবির পক্ষ থেকে জানানো হয়নি। তবে নির্বাচকদের পক্ষ থেকে আগেই ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুনভাবে দল সাজানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল।
আগার নেতৃত্বে পাকিস্তান ৫০টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৩১টিতে জয় পেয়েছে। তবে চলতি বছরের বিশ্বকাপে দলটি সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি।শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টি দলে নেই শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজম। ৯, ১১ ও ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে অলরাউন্ডার রাজাউল্লাহ প্রথমবারের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই দলেই জায়গা পেয়েছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে ৮১ রান করার পাশাপাশি চার উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি।ওয়ানডে দলের নেতৃত্বে অবশ্য বহাল থাকছেন শাহিন শাহ আফ্রিদি। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও তিনি পাকিস্তানকে নেতৃত্ব দেবেন।অন্যদিকে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ওয়ানডে দল থেকেও বাদ দেওয়া হয়েছে। এর আগে টি-টোয়েন্টি দল থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। দলীয় তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




