প্রস্তুতি ম্যাচেও যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে চার গোলের পর এবার বুরকিনা ফাসোর জালে সাতবার বল পাঠিয়েছে লিওনেল স্কালোনির দল।ম্যাচে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবল ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের গোলমুখে মোট ২৮টি শট নেয় তারা, যার ১৬টি ছিল লক্ষ্যে।
ম্যাচ শুরুর আগেই অবশ্য বুরকিনা ফাসোর জন্য পরিস্থিতি কঠিন হয়ে যায়। আর্জেন্টিনায় আসার জন্য তাদের নির্ধারিত চার্টার্ড ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় নতুন করে বিমান ব্যবস্থার চেষ্টা করা হয়। এর মধ্যেই জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় খেলতে অনাগ্রহ প্রকাশ করেন।
ফলে কোচ আমীর আব্দৌকে বাধ্য হয়ে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে হয়। জাতীয় দলের মূল স্কোয়াড থেকে ছিলেন মাত্র একজন—চেক বাবেল। ম্যাচের মাত্র পাঁচ ঘণ্টা আগে দলটি আর্জেন্টিনায় পৌঁছায়। বিমানবন্দর থেকেই সরঞ্জাম মাঠে পাঠানো হয় এবং সামান্য বিশ্রামের পর খেলোয়াড়দের মাঠে নামতে হয়।
ভ্রমণক্লান্তি, প্রস্তুতির ঘাটতি এবং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে অনভিজ্ঞতা—সব মিলিয়ে ম্যাচটি বুরকিনা ফাসোর জন্য কঠিন হয়ে ওঠে।আর্জেন্টিনা অবশ্য সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। তৃতীয় মিনিটে লাউতারো মার্তিনেজ পেনাল্টি মিস করলেও ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।এর ছয় মিনিট পর আলভারেজের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন মুমুনি দিয়ালো। ১২ মিনিটে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি তৃতীয় গোল করেন।
লাউতারোর সঙ্গে দ্রুত পাস বিনিময়ের পর দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান প্রেস্তিয়ান্নি। এরপর ৩৪ মিনিটে নিকো পাজ করেন চতুর্থ গোল। ম্যাক অ্যালিস্টারের থ্রু পাস থেকে বল পেয়ে গোল করেন তিনি।
দুই মিনিট পরই আর্জেন্টিনার ব্যবধান আরও বাড়ান হুলিয়ান আলভারেজ। প্রেস্তিয়ান্নির পাস থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ৫-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরুতে একসঙ্গে পাঁচ খেলোয়াড় পরিবর্তন করেন স্কালোনি। মাঠে নামেন বালেরদি, তোমাস পালাসিওস, ফ্লোরেস, মাস্তানতুওনো ও সুলে।৫৬ মিনিটের দিকে আসে ষষ্ঠ গোল। গোলরক্ষক সামনে এগিয়ে আসার আগেই লাউতারোর পাস থেকে বল জালে পাঠান ফ্রাঙ্কো মাস্তানতুওনো। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল।
এরপরও একাধিক পরিবর্তন আনে আর্জেন্টিনা। শেষ দিকে ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সপ্তম গোলটি করেন জুলিয়ানো সিমিওনে। দুর্দান্ত ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন তিনি।
ফলে টানা দুই প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার গোলসংখ্যা দাঁড়াল ১১। এক ম্যাচে সাত গোলের এই জয় দলটির আক্রমণভাগের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনার ৭ গোল
প্রস্তুতি ম্যাচেও যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে চার গোলের পর এবার বুরকিনা ফাসোর জালে সাতবার বল পাঠিয়েছে লিওনেল স্কালোনির দল।ম্যাচে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবল ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের
প্রিয় বাংলাদেশখেলা


