ফুটবল মাঠের বাইরেও বিনিয়োগ বাড়াচ্ছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন এই তারকা।বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজেদের মালিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে এলদেনসে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির মালিকানায় প্রবেশের মধ্য দিয়ে শতবর্ষী ক্লাবটির জন্য নতুন দীর্ঘমেয়াদি পরিকল্পনার সূচনা হয়েছে।

তবে অধিগ্রহণ প্রক্রিয়া পুরোপুরি কার্যকর হতে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন।এলদেনসে বর্তমানে কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ফুটবল ক্লাব রয়েছে।

স্পেনে এটি মেসির দ্বিতীয় ক্লাব মালিকানা। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের দল কর্নেয়া কিনেছিলেন তিনি। কর্নেয়া এখনো আধা-পেশাদার পর্যায়ে রয়েছে।এলদেনসে প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের নিচের স্তরে থাকা ক্লাবটি ২০২৩ সালে দ্বিতীয় বিভাগে ওঠে। তবে ২০২৫ সালে অবনমনের পর বর্তমানে তৃতীয় বিভাগে খেলছে।

এলদেনসের হোম ভেন্যু হলো এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়াম।ক্লাবটির মালিকানায় মেসির যুক্ত হওয়াকে কেন্দ্র করে এখন এর ক্রীড়া ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।