লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তা দিয়ে স্পেনের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

লরিয়েন্তে জানিয়েছেন, অনেক ভেবেচিন্তেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। বয়স এখনো তুলনামূলক কম এবং পারফরম্যান্স ভালো থাকলে আরও কয়েক বছর স্পেনের জার্সিতে খেলার সুযোগ ছিল—তবু এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই উল্লেখ করেছেন তিনি।

নিউজার্সিতে গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এটি ছিল স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ জয়। ফাইনালে লরিয়েন্তে মাঠে নামার সুযোগ না পেলেও ঐতিহাসিক দলটির সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এবং একটি অ্যাসিস্টও করেছেন।

তবে বিশ্বকাপ খেলা কিংবা স্পেনের শিরোপা জয়ের বিষয়টি তার অবসরের সিদ্ধান্তকে প্রভাবিত করেনি বলে জানিয়েছেন লরিয়েন্তে। বরং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়ে রেখেছিলেন।
নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে স্প্যানিশ এই ডিফেন্ডার জানান, বাইরে থেকে বিষয়টি অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। এমনকি বিশ্বকাপে স্পেন খেলবে কি না বা দলটি শিরোপা জিতবে কি না—এসবও তার সিদ্ধান্তের অংশ ছিল না। কারণ, তার সিদ্ধান্তটি আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল।

বিদায়বেলায় সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লরিয়েন্তে। জাতীয় দলের হয়ে পাওয়া অভিজ্ঞতা ও স্মৃতিগুলো তিনি সারাজীবন হৃদয়ে ধরে রাখবেন বলে জানান।
বিশেষ করে শেষ ৫২ দিনকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার ভাষায়, স্পেনকে ফুটবলের শীর্ষে নেওয়ার লক্ষ্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা অসাধারণ একটি দলের সঙ্গে থাকার অভিজ্ঞতা ছিল বিশেষ।

২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্পেনের জাতীয় দলের হয়ে মোট ২৭টি ম্যাচ খেলেছেন লরিয়েন্তে। গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপই স্পেনের জার্সিতে তার একমাত্র বড় শিরোপা হয়ে থাকল।