মিথ্যা ভিডিও তৈরি, কণ্ঠস্বর নকল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার বিরুদ্ধে সতর্ক করেছেন শায়খ আবদুর রহমান আস সুদাইস। তাঁর মতে, প্রতারণা বা মিথ্যা তথ্য ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের প্রযুক্তি ব্যবহার ইসলামী শরিয়াহর দৃষ্টিতে নিষিদ্ধ। তিনি মুসলিমদের প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারও পরিচয় নকল করা, তিনি বলেননি এমন বক্তব্য তাঁর নামে প্রচার করা কিংবা জাল ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা অনৈতিক ও প্রতারণামূলক কাজ।
তবে এআই প্রযুক্তির ব্যবহারকে সামগ্রিকভাবে প্রত্যাখ্যান করেননি শায়খ সুদাইস। আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কল্যাণকর কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব মাধ্যম জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের উপকারে ব্যবহার করা যেতে পারে। তিনি আরও সতর্ক করেন, যাচাই না করে তথ্য ছড়িয়ে দিলে গুজব তৈরি হতে পারে। এর ফলে মানুষের পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক আস্থাও নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। প্রযুক্তির দ্রুত বিস্তারের এই সময়ে তাই কোনো ভিডিও, অডিও বা বক্তব্য সত্য বলে প্রচারের আগে তার উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।




