অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি।
২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। মালয়েশিয়াতেও প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। সফর শেষে ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।