নিপীড়িত মানুষের পক্ষে অবস্থানের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার ভাষ্য, মজলুমের পরিচয় নির্ধারণে দেশ, ধর্ম কিংবা ভাষার কোনো গুরুত্ব নেই।
যেখানেই অন্যায়-নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন।
পোস্টে জামায়াত আমির বলেন, মহান আল্লাহর দেওয়া বিবেকের নির্দেশনা অনুযায়ী জুলুমের শিকার মানুষের পক্ষেই তাদের অবস্থান। নির্যাতিত ব্যক্তি কোন দেশের নাগরিক, কোন ধর্মের অনুসারী কিংবা কোন ভাষায় কথা বলেন—এসব বিষয় তাদের বিবেচনার বিষয় নয়।
তিনি উল্লেখ করেন, একজন ব্যক্তি বা গোষ্ঠী নির্যাতনের শিকার কি না, সেটিই এখানে মুখ্য বিষয়। মজলুমের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই বলেও মন্তব্য করেন তিনি।