বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা রক্ষায় এ দেশের মানুষ অতীতেও লড়াই করেছে, ভবিষ্যতেও যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে এসব অপচেষ্টা দেশের মানুষ সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার মতো বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের সময় এ দেশের সাধারণ মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাই বাংলাদেশ দখল করা এত সহজ নয়।
বিএনপির নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন পরিস্থিতিতে নেতাকর্মীরা প্রাণ হারালেও সরকার কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে।
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে রিজভী জানান, নতুন কাঠামোতে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে। এতে সর্বনিম্ন পর্যায়ে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেতন বেড়েছে। তার দাবি, নতুন মজুরি ভারত ও পাকিস্তানের তুলনায়ও বেশি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তার পরামর্শ ও নেতৃত্বে আলোচনার মাধ্যমে মজুরি বৃদ্ধির বিষয়ে কার্যকর সমাধান এসেছে।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। আমানউল্লাহ আমান ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে গঠিত কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




