যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানে দুই দেশের সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন সামরিক কর্মকর্তা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল মিশেল এ স্মিথ।
মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানান।
দূতাবাসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, পেন্টাগন ও ক্যাপিটল হিলের কর্মকর্তাসহ প্রায় ৩০০ অতিথি অংশ নেন।
বক্তব্যে মিশেল এ স্মিথ বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও প্রশিক্ষণ, তথ্য বিনিময় এবং প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস দেশের জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মহান মুক্তিযুদ্ধে দেশের সাত বীরশ্রেষ্ঠই ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্য। স্বাধীনতার পর থেকে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশের সামরিক বাহিনী শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক পরিসরেও একটি উজ্জ্বল পরিচিতি অর্জন করেছে। বুধবার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।