বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
আগামী ১ ডিসেম্বরের বিজয় সমাবেশ ঘিরে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। পরাজিত শক্তি নানা উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, অবৈধ অস্ত্র ব্যবহার করে যারা সাধারণ মানুষের বাড়িঘর, রাজনৈতিক কার্যালয় কিংবা ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে।
রিজভীর ভাষ্য, দেশের বিভিন্ন এলাকায় মানুষ নিজেরাই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। বিএনপির নেতা-কর্মীরাও সহিংসতা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। তবে সশস্ত্র অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মূল দায়িত্ব রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, দেশে কোনো লকডাউন নেই। স্বাভাবিকভাবেই সবকিছু চলছে। কোনো অবৈধ বা সন্ত্রাসী সংগঠনের ঘোষিত কর্মসূচিকে জনগণ গুরুত্ব দেয় না। এ ধরনের কর্মসূচিকে বিএনপি কোনো চাপ হিসেবেও দেখছে না।