গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বাংলাদেশ। এ নিয়ে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ঢাকা।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। বিদ্যমান চুক্তি বহাল রাখার বিষয়ে দিল্লির সঙ্গে আলোচনা করতে চায় সরকার। ভারত প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জন্য এই চুক্তির গুরুত্ব উপলব্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রবিবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গঙ্গা চুক্তি নতুন করে করা হবে, নাকি বর্তমান চুক্তিই নবায়ন করা হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যমান চুক্তিটি অব্যাহত রাখতে চায়। এ জন্য ভারতের সঙ্গে আলোচনা প্রয়োজন। এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এর জবাব দেবে বলে আশা করছে সরকার। আলোচনার টেবিলে বসার পরই নবায়ন কিংবা নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে আগের চুক্তিটিই আবার নবায়ন করা হোক। এ ক্ষেত্রে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব হবে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্য আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ মুহূর্তে নতুন কোনো অগ্রগতি নেই। বিষয়টি বন্দিবিনিময় চুক্তির আওতায় নির্ধারিত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করতে হয়। এ জন্য সময় লাগতে পারে। তবে ভারতের সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রক্রিয়াটি দ্রুত করা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। সাজাপ্রাপ্ত যেসব আসামি দেশ ছেড়ে পালিয়ে রয়েছেন, তাদেরও ফিরিয়ে আনা প্রয়োজন। এ বিষয়ে ভারত প্রক্রিয়াটি আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছে ঢাকা।
সাম্প্রতিক শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবিকে পুঁজি করে পতিত ফ্যাসিস্টরা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তবে এ ঘটনাকে রাজনৈতিক অস্থিতিশীলতা হিসেবে দেখার সুযোগ নেই। জার্মানিসহ বাংলাদেশের উন্নয়ন সহযোগীরাও বিষয়টি বোঝেন বলে মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল এবং একাত্তরের চেতনাকে ধারণ করে। দলটি কখনো মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জন দেওয়ার চেষ্টা করেনি। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতেও বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে, তবে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের অনুশোচনা প্রকাশ করা উচিত।
দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আসবে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি পরিবর্তনকালীন সময় পার করছে। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরছে। সহিংসতা ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা হলেও এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হবে না বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে সংঘটিত গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের সঙ্গে জড়িতদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এরপর তাদের আইনের মুখোমুখি হতে হবে। আইন নিজস্ব গতিতেই চলবে।
শরীয়তপুর ও ফরিদপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, তার নির্বাচনী এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মাঠে রয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তারা প্রস্তুত। পুলিশ ও প্রশাসনও দায়িত্ব পালন করছে। যারা নেতা-কর্মীদের বিপদের মুখে ফেলে নিজেরা পালিয়ে গেছে, তাদের দেশ স্বাধীন করার বক্তব্য রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ সফর বাতিলের কারণও ব্যাখ্যা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী ৭ ও ৮ নভেম্বর তার ঢাকা সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।
শামা ওবায়েদ জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের পাশাপাশি থাইল্যান্ড যাওয়ার কর্মসূচিও ছিল। কিন্তু মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, তার থাইল্যান্ড সফরও বাতিল হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকেও একই তথ্য জানানো হয়েছে।



